


আসাদ বেহেস্তী
দু’সাংবাদিক হত্যা হলো
মিলছেনা এর জবাবটা,
হত্যা করেই যায়না বদল
সাংবাদিকের স্বভাবটা।
সাংবাদিকের কাজটা কঠিন
বিপদ ঘটে চতুর্দিক,
আনেই তুলে আসল খবর
কোনটা গরল কোনটা ঠিক !
কাগজ ডেস্ক : আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে আরো একটি ট্রাইব্যুনাল গঠনের কাজ প্রক্রিয়াধীন।
রোববার সংসদের চলতি ১২তম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তারানা হালিম ও মুহিবুর রহমান মানিকের পৃথক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
নাজমা আকতারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৪৪৩ টাকা পাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি ঢাকা বিশেষ জজ আদালতে বিচারাধীন। মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
বিএনপির অনুপস্থিত সংসদ সদস্য রেহানা আক্তার রানুর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বর্তমানে দেশে ১৪২টি সাব-রেজিস্ট্রার ও ৮টি জেলা রেজিস্ট্রারের পদ শূন্য রয়েছে।
মন্ত্রী আরো জানান, ৪১ জনকে সাব-রেজিস্ট্রার পদে নিয়োগের সুপারিশ করে একটি তালিকা আইন ও বিচার বিভাগে পাঠানো হয়েছে। শিগগিরই পাবলিক সার্ভিস কমিশন বিধি অনুযায়ী এদের নিয়োগ দেবে।
ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের বিচার করতে আপিল বিভাগে সরকার একটি লিভ টু আপিল দায়ের করেছে। এটি শুনানির অপেক্ষায় রয়েছে।
বিএনপির অনুপস্থিতিতে সংসদ সদস্য শাম্মী আক্তার শফিক আহমেদের কাছে জানতে চান, উচ্চ আদালতে পূর্ণাঙ্গভাবে বাংলাভাষা চালু করার কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কিনা?
উত্তরে মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার সর্বস্তরে বাংলাভাষা প্রচলনের বিষয়ে আন্তরিক। বাংলাভাষা প্রচলন আইন-১৯৮৭ অনুযায়ী সুপ্রিম কোর্টসহ যেকোনো আদালতের রায় বাংলায় দেওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই।’
মন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্টের কোনো কোনো বিচারপতি বাংলায় রায় দিয়ে থাকেন। তাছাড়া সুপ্রিম কোর্টের দাফতরিক কাজে বাংলাভাষা ব্যবহৃত হচ্ছে। তবে সুপ্রিম কোর্টে পূর্ণাঙ্গভাবে বাংলাভাষা চালুর বিষয়টি সুপ্রিম কোর্টের এখতিয়ারাধীন।’
বিএনপির অনুপস্থিত সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে জেলা জজ পদে ৮৪ জন, যুগ্ম-জেলা জজ পদে (সাব জজ) ৫৯ জন বিচারবিভাগীয় কর্মকর্তাকে পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৫৫ জন ও আপিল বিভাগে ১০ জন বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও মন্ত্রী জানান।
ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন বিপুল মামলা বিচারাধীন রয়েছে। বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি এ পরিমাণ মামলা নিষ্পত্তি করা প্রায় অসম্ভব।’
মন্ত্রী জানান, বিকল্প বিরোধ নিষ্পত্তির কার্যক্রম দেওয়ানি মামলার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হচ্ছে। ফৌজদারি মামলায় বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়টি কার্যকর করতে ফৌজদারি কার্যবিধি সংশোধনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের রয়েছে। যথাসময়ে এর কাজ শুরু হবে।
