http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

অনিচ্ছা সত্ত্বেও কার্যক্রম মুলতবি করলেন ট্রাইব্যুনাল
    A+ A A-

কাগজ ডেস্ক : আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত না থাকায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম অনিচ্ছা সত্ত্বেও মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
 বিরোধী দলের ডাকা হরতালের কারণে সোমবার নির্ধারিত সময়ের প্রায় পৌনে এক ঘণ্টা পর ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। বেলা সোয়া ১১টার দিকে সাঈদীকে নারায়ণগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনালের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) কার্যক্রম শুরু হয়।
এ সময় ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের পাঁচজন কৌঁসুলি ও আসামিপক্ষের দুজন কনিষ্ঠ আইনজীবী উপস্থিত ছিলেন। তদন্ত কর্মকর্তার নির্ধারিত জবানবন্দি শুরুর আগে আসামির কাঠগড়ায় থাকা সাঈদী ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে কার্যক্রম মুলতবির আরজি জানান। ট্রাইব্যুনালকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমি আইন বুঝি না। কাঠগড়ায় বসে কোরআন পড়ি। আমার কোনো আইনজীবী উপস্থিত নেই। এখন কে আমার পক্ষে কথা বলবেন?’
এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘আজ ট্রাইব্যুনাল আপনার আইনজীবীর কাজ করবেন। আপনার আইনজীবী নেই, এটা আমাদের মাথায় থাকবে। তবে আপনার আইনজীবীদের থাকা উচিত ছিল।’
সাঈদী বলেন, হরতালের জন্য আইনজীবীরা ট্রাইব্যুনালে আসতে পারেননি। এ সময় আসামিপক্ষের এক কনিষ্ঠ আইনজীবী আবু বকর সিদ্দিক বেলা দুইটা পর্যন্ত কার্যক্রম মুলতবির আরজি জানান।
এ পর্যায়ে ট্রাইব্যুনাল বেলা দেড়টা পর্যন্ত কার্যক্রম মুলতবি করেন।
দেড়টার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম আবার শুরু হলে আসামিপক্ষের আরেক কনিষ্ঠ আইনজীবী মো. হাসানুল বান্না ট্রাইব্যুনালকে জানান, আইনজীবী মিজানুলকে ট্রাইব্যুনালে আনার জন্য কোনো যানবাহন পাওয়া যায়নি। আসামিপক্ষের আরও গুরুত্বপূর্ণ দুজন আইনজীবী ঢাকার বাইরে আছেন। আজ সকালে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও হরতালের জন্য আসতে পারেননি। তিনি বলেন, আইনজীবীর অনুপস্থিতিতে ট্রাইব্যুনালের কার্যক্রম চললে আসামি ক্ষতিগ্রস্ত হতে পারেন।
এ সময় সাঈদী আবারও উঠে দাঁড়িয়ে ট্রাইব্যুনালকে বলেন, ‘আমার আইনজীবী না থাকায় একটি হাতে লেখা মুলতবির আবেদন জমা দিয়েছি।’
পরে ট্রাইব্যুনাল আদেশে বলেন, বিরোধী দলের ডাকা হরতালের জন্য ট্রাইব্যুনালের এক সদস্য আজ উপস্থিত হতে পারেননি। রাষ্ট্রপক্ষ প্রস্তুত থাকলেও আসামির কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আসামি নিজে কার্যক্রম মুলতবির আরজি করেছেন।এ অবস্থায় রাস্তার অবস্থা বিবেচনা করে ট্রাইব্যুনাল অনিচ্ছা সত্ত্বেও কার্যক্রম মুলতবি করছেন। কাল মঙ্গলবার তদন্ত কর্মকর্তার অসমাপ্ত জবানবন্দি নেওয়া হবে।