http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

যৌথ কমিশনের বৈঠক: তিস্তা নিয়ে ভারতে ঐকমত্যের চেষ্টা চলছে: কৃষ্ণা
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা বলেছেন, ‘তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি চূড়ান্ত করার জন্য ভারতের সংশ্লিষ্ট রাজ্যগুলোর সঙ্গে ঐকমত্যের চেষ্টা করা হচ্ছে।’ 
নয়াদিল্লিতে সোমবার দুপুরে বাংলাদেশ ও ভারতের যৌথ কমিশনের প্রথম বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।
নয়াদিল্লির হোটেল ওবেরয়ে স্থানীয় সময় বেলা সাড়ে বারোটায় বৈঠক শুরু হয়ে দেড়টায় শেষ হয়।
এদিকে গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে বন্দি বিনিময় চুক্তি সইয়ের যেসব তথ্য প্রকাশিত হয়, এদিনের বৈঠকে এ ধরনের কোনো চুক্তি বা সমঝোতা হয়নি।
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা নিজ নিজ দেশের পক্ষে বৈঠকে প্রতিনিধিত্ব করেন।
পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ‘জয়েন্ট কনসালটেটিভ কমিশন’ (জেসিসি) গত সেপ্টেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় গঠিত হওয়ার সিদ্ধান্ত হয়।
এবারের বৈঠকে তিস্তা চুক্তিসহ অভিন্ন নদীর পানিবণ্টন, ট্রানজিট, বাণিজ্য, সীমান্ত চুক্তি ও ব্যবস্থাপনার ইস্যুগুলো প্রাধান্য পায়।
দীপু মনি ও এস এম কৃষ্ণা দু’জনই যৌথ কমিশনের বৈঠককে ‘অত্যন্ত ফলপ্রসু’ বলে দাবি করেন।
তিস্তা নদীর পানি বণ্টন প্রসঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, ‘পানি একটি স্পর্শকাতর ব্যাপার (সেন্টিমেন্টাল ইস্যু)। তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সংশ্লিষ্ট রাজ্যগুলোর সঙ্গে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে।’
অপর এক প্রশ্নের জবাবে কৃষ্ণা বলেন, ‘আন্তঃনদী সংযোগ প্রকল্পে বাংলাদেশে প্রবাহিত হয়েছে এমন নদীকে সংযুক্ত করা হবে না।’
টিপাইমুখ বাঁধ প্রকল্প সম্পর্কে কৃষ্ণা বলেন, ‘একটি বিশেষজ্ঞ দল এ জন্য কাজ করছে। তাদের সুপারিশে ক্ষতির বিষয়গুলো জানা যাবে।’
তবে তিস্তা বা টিপাইমুখ সব বিষয়েই বাংলাদেশের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান কৃষ্ণা।
দুই দেশের সম্পর্কের বিভিন্ন ইস্যু নিয়ে তারা কথা বলেন।
সংবাদ সম্মেলন শেষে দীপু মনি তার সৌজন্যে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেন।
সন্ধ্যা সাড়ে ছয়টায় দিল্লির বিজ্ঞান ভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতবার্ষিকীর ভারতীয় অংশের সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন দীপু মনি।
মঙ্গলবারের বৈঠক:
দীপু মনি মঙ্গলবার বেলা আড়াইটায় ভারতের পানিসম্পদমন্ত্রী পবন কুমার বানসালের সঙ্গে বৈঠক করবেন, এরপর বেলা সোয়া চারটায় তিনি দেখা করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে।
দীপু মনি মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে পাঁচটায় ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।