http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

রমজানে পণ্যমূল্যে মুনাফা বেঁধে দিল সরকার
    A+ A A-

কাগজ ডেস্ক : রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে খুচরা বাজারে সর্বোচ্চ ১০ শতাংশ মুনাফা করার সীমা বেঁধে দিয়েছে সরকার। এর অতিরিক্ত মূল্য রাখা হলে জরিমানা দিতে হবে। বুধবার থেকেই এটি কার্যকর হবে।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিকারক, পাইকারি ও খুচরা পর্যায়ের বিক্রেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম মর্তুজা রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এফবিসিসিআই পরিচালক ও দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনসহ বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে অতিরিক্ত সচিব এটিএম মর্তুজা রেজা চৌধুরী সাংবাদিকদের বলেন, আমদানিকারকরা পণ্যের আমদানি ব্যয় নির্বাহ করে শতকরা ১ শতাংশ মুনাফা করতে পারবে আর খুচরা ব্যবসায়ীরা সর্বোচ্চ ১০ শতাংশ মুনাফা করতে পারবে।
বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে জানিয়ে তিনি বলেন, সরকারের নির্ধারণ করে দেওয়া নিয়ম না মানলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মর্তুজা রেজা চৌধুরী বলেন, আজকের বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো হচ্ছে- মশুর ডাল, ছোলা, পিঁয়াজ, রসুন, খেজুর, আদা, তেল, চিনি, শুকনা মরিচ, হলুদ, জিরা, গরম মসলা ইত্যাদি। তেল, চিনি ও লবন নিয়ে আলাদা বৈঠক হবে।
তবে যেসব মোড়কজাত পণ্যের গায়ে নির্ধারিত খুচরা মূল্য লেখা আছে সেগুলো ওই দামেই বিক্রি করতে হবে। কোনো অতিরিক্ত মূল্য নেওয়া যাবে না। এছাড়া ওজনের ক্ষেত্রে মেট্রিক পদ্ধতি অনুসরণ করতে হবে। মণ হিসেবে কোনো পণ্য বিক্রি করা যাবে না।
একই সাথে বৈঠকে ঢাকার প্রতিটি বাজারের প্রতিটি দোকানে এমন কি পাড়া-মহল্লার দোকানেও নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের খুচরা বিক্রয় মূল্য টাঙানো এবং দোকানে পণ্য ক্রয়ের পাকা রশিদ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায় জরিমানা করা হবে বলে জানান অতিরিক্ত সচিব।
ব্যবসায়ী নেতারা সভায় এসব সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেছেন জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, বাণিজ্য মন্ত্রণালয় কোনো মূল্য নির্ধারণ করে দেয়নি। ব্যবসায়ীরাই মূল্য নির্ধারণ করেছেন। বুধবার থেকেই তারা এটা বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন।
এক প্রশ্নের জবাবে মর্তুজা রেজা বলেন, সভার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ দল মাঠে থাকবে। বিএসটিআইও বাজার মনিটরিং করবে।
এছাড়া অতিরিক্ত মুনাফা না করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যবসায়ীদের চিঠি দেওয়া হবে। ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই, দোকান মালিক সমিতি, বাজার কমিটির নেতৃবৃন্দের সাথেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিগগিরই সভা হবে বলে অতিরিক্ত সচিব জানান।