

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!
আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। আজ বাংলাদেশের জন্মদিন। এই মহান দিনে পাঠকের প্রিয় সংবাদপত্র গ্রামের কাগজেরও জন্মদিন। ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। দেখতে দেখতে ১৪ বছরে পা রাখলো গ্রামের কাগজ। পাঠকের কাছে দায়বদ্ধতা নিয়ে যে দৃঢ় অঙ্গীকার ব্যাক্ত করে শিশু গ্রামের কাগজ একদিন জন্ম নিয়েছিল, টানা ১৩ বছরের পথ চলায় সে অঙ্গীকার, সে দায়বদ্ধতা থেকে এক চুলও পিছপা হয়নি গ্রামের কাগজ পরিবার। বরং প্রতিনিয়ত পাঠকের সু পরামর্শে গ্রামের কাগজ পথ চলেছে নানা ভঙ্গিমায়। আর অগণিত পাঠক প্রতিদিন আমাদের সাথে থেকে হয়েছেন বন্ধুর পথ চলার সঙ্গী। তাই গ্রামের কাগজের জন্মদিন মানেই লাখো পাঠকের প্রাণের উৎসব। আজকের দিনে গ্রামের কাগজের লাখো পাঠক, শুভান্যুধায়ী,সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, গ্রাহক, এজেন্ট, বিপণনকর্মীসহ দেশবাসীকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও পুষ্প শুভেচ্ছা।
গ্রামের কাগজের দীর্ঘ ১৩ বছরের পথচলা ছিল বন্ধুর। বহু অমসৃণ পথ বেয়ে আমাদেরকে চলতে হয়েছে। তবে এ পথ চলায় আমরা যেমন কখনো ধৈর্য্যহারা হইনি, তেমনি পঠকও কখনো মুখ ফিরিয়ে নেননি, আমাদেরকে ছেড়ে চলে যাননি। পথ চলতে চলতে বন্ধু পরিচয়দানকারী অনেকেই চরম বিশ্বাসঘাতকতা করে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি হিসেবে অগণিত পাঠক পাশে থেকেছেন সব সময়। যা আমাদের বড় গর্বের, বড় বেশি অহংকারের।
সুপ্রিয় পাঠক, আপনারা সবই অবগত। আমাদের প্রতিদিনের সকাল শুরু হয় হাজারো সংকট মোকাবেলা করতে করতে। রাতে প্রেসে পত্রিকা ছাপাতে পাঠানোর সময়ও সামলাতে হয় নানা সমস্যা। প্রায় প্রতিদিন বাড়ছে নিউজপ্রিন্ট, কালি-কলম, ট্রেসিং পেপার, প্লেটসহ সমস্ত মূদ্রণ উপকরণের দাম। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্যও বাড়ছে অস্বাভাবিক হারে। সব কিছুর দাম বাড়ছে। কিন্তু গ্রামের কাগজের মূল্য দাঁড়িয়ে আছে ১৩ বছর আগের স্থানেই। গ্রামের কাগজের জন্মদিনে আমরা চাই আপনাদের সহযোগিতা, সহমর্মীতা, শুভ কামনা আর নিবিড় ভালোবাসা। আমরা যেন ঝঞ্ঝার পথ পরিক্রমায়ও আমাদের অঙ্গীকার থেকে এক পাও পিছনে সরে না যাই। সকল সংকটেও যেন আমরা প্রত্যয়দীপ্ত কণ্ঠে সত্য, ন্যায় আর সুন্দরের জয়গান গাইতে পারি। আবারো আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।

