
নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গত শনিবার জেলার বিভিন্ন স্থানে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোট আট জনকে মাদকসহ গ্রেফতার করেছে। আজ রোববার (৭ ডিসেম্বর) জেলা পুলিশ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। সকলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রথম অভিযানে জেলা ডিবির একটি দল শনিবার রাত ০৯:৩০ মিনিটে মান্দা থানাধীন কবুলপুর গ্রামে জনৈক এমদাদের বাড়ির সামনে থেকে মাদক কারবারি সুজন (৪০)-কে গ্রেফতার করে। তার দখল থেকে তাৎক্ষণিকভাবে ০১ কেজি ০৫ শত গ্রাম (১০৫০ গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়। সুজন নিয়ামতপুর থানার চক সাদাসিব এলাকার বাসিন্দা।
দ্বিতীয় অভিযানে প্রথম অভিযানের অল্প কিছু সময় পর, রাত ১০:১০ মিনিটে নওগাঁ পৌর এলাকার শাফিন ফিলিং স্টেশনের সামনে থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পার নওগাঁ হাজি পাড়ার ফয়সাল (২৭) এবং তার সহযোগী বদলগাছি থানার তরিকুল (৩৬)।
তৃতীয় অভিযানে একই দিন রাত ১০:৪০ মিনিটে নওগাঁ পৌর এলাকার ঢাকা বাস স্ট্যান্ড সংলগ্ন হোটেল অবকাশের ৪০৬ নম্বর কক্ষে ডিবি পুলিশের শেষ অভিযানটি পরিচালিত হয়। কক্ষটি থেকে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয় এবং পাঁচ জন মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পাঁচজন হলেন: আবু সাইদ (৩১), সোহেল (৩২), প্রকাশ রাজ বংশী (৩২) (বর্তমানে নওগাঁ কালিতলা এলাকার ভাড়াটিয়া), জাকির (৩২) এবং রিপন (৩২)।
এ প্রসঙ্গে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জেলায় মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হচ্ছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আগামী দিনগুলিতে নওগাঁ জেলাকে মাদকমুক্ত করতে মাদকবিরোধী কার্যক্রম আরো জোরদার করা হবে।
মন্তব্য করুন