
সাভারের আশুলিয়ায় বাসচালকরা অতিরিক্ত ভাড়া আদায় করায় পোশাক শ্রমিক ও ঘরমুখো যাত্রীরা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে নবীনগর–চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন। অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
অবরোধকারীরা জানান, সোমবার পোশাক কারখানার শ্রমিকদের শেষ কর্মদিবস ছিল। নির্বাচনের কারণে তারা গ্রামের উদ্দেশে রওনা দিলে বাসচালক ও সহকারীরা স্বাভাবিক ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া নিচ্ছেন। অতিরিক্ত ভাড়া বন্ধ এবং ন্যায্য ভাড়া কার্যকর করার দাবিতে তারা সড়ক অবরোধে বসেছেন।
সোলাইমান নামে এক যাত্রী বলেন, ১৭ বছর পর ভোট দিতে জামালপুর যাচ্ছি। যেখানে ভাড়া ৩০০ টাকা, সেখানে এখন ১ হাজার টাকা দাবি করা হচ্ছে। অবিলম্বে ন্যায্য ভাড়া নিশ্চিত করা দরকার।
পোশাক শ্রমিক নাদশা সরকার বলেন, ‘কারখানায় ছুটি হওয়ার পর শ্রমিকরা ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরছেন। কিন্তু বাসচালকরা দ্বিগুণ ভাড়া চাইছেন। আগে রাজশাহীতে যেতে ৫০০ টাকা লাগত, এখন এক হাজার টাকার বেশি চাওয়া হচ্ছে। অতিরিক্ত ভাড়ার কারণে অনেক শ্রমিক বাড়ি ফিরতে পারছেন না।’
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) শেখ শাহজাহান গণমাধ্যমকে বলেন, সড়কে যাত্রীর চাপ বেশি রয়েছে। যাত্রীরা সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। তবে অবরোধের বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
মন্তব্য করুন