
রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ থানা ঘেরাও ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে বিক্ষোভকারীরা আদাবর থানা ঘেরাও করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর চাঁদার দাবিতে একদল সশস্ত্র দুর্বৃত্ত একটি এমব্রয়ডারি কারখানায় হামলা চালায়। এ ঘটনায় কারখানার মালিক ও শ্রমিকসহ কয়েকজন আহত হন। ঘটনার বিচার এবং এলাকায় চাঁদাবাজি-ছিনতাই বন্ধের দাবিতে রাতেই ভুক্তভোগী ও এলাকাবাসী বিক্ষোভে নামেন।
পুলিশ জানায়, আবির এমব্রয়ডারি ফ্যাক্টরিতে বেতন বিতরণের সময় ১০-১২ সদস্যের একটি সশস্ত্র দল চাপাতি নিয়ে হামলা চালায়। তাদের উদ্দেশ্য ছিল টাকা ও মোবাইল ছিনতাই। হামলায় কয়েকজন শ্রমিক আহত হন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার খবর আশপাশের কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকরা অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযুক্ত নেতা হিসেবে পরিচিত রাসেলের বাড়ি ঘেরাও করতে গেলে তাকে না পেয়ে তার বাবাকে অবরুদ্ধ করেন বলে জানা গেছে।
কমিশনার আবদুল্লাহ আল মামুন বলেন, রাসেলের বাবা ভয়ে পুলিশকে খবর দিলে আমরা তাকে হেফাজতে থানায় নিয়ে আসি। তখনি উত্তেজিত জনতা থানার সামনে এসে জড় হয়।
তিনি আরও বলেন, আবির এমব্রয়ডারি ফ্যাক্টরির মালিক বাদি হয়ে একটা মামলা করেছে, মামলার প্রক্রিয়া চলছে। শ্রমিকদের কুপিয়ে আহত করার ঘটনার তদন্ত করছে পুলিশ। অপরাধী যেই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন