
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে সদর উপজেলার ফতুল্লা থানাধীন উত্তর নরসিংপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
গ্রেফতারকৃতরা হলেন নুরুনবী (২৪), শাহিন (১৯), রাকিব (২৪), শামীম (২৬), ইরান (২৬), ফয়সাল (২৮), জাহাঙ্গীর (৩৯), শরিফ (২২), রিপন (২১), আরিফ (২২), খোরশেদ (৪৭) ও সুমন (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উত্তর নরসিংপুর এলাকায় মাদকের একটি স্পটে যৌথ অভিযান চালায় ফতুল্লা থানা পুলিশ ও র্যাব-১১ ব্যাটেলিয়ানের আভিযানিক দল। এ সময় ৩৫০ পুরিয়া গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারী ছাড়াও চুরি, ডাকাতি ও ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন