
চট্টগ্রাম মহানগরের বায়েজীদ বোস্তামী ও খুলশী থানাধীন এলাকায় অবৈধভাবে মজুত ও বোতলজাত করা বিপুল পরিমাণ ভোজ্যতেল জব্দ করেছে প্রশাসন। একই সঙ্গে অনিয়ম ও লাইসেন্সবিহীন কার্যক্রমের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৯টা থেকে বুধবার (৮ এপ্রিল) ভোর পর্যন্ত পরিচালিত এ অভিযানে প্রায় ১০৪২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
বায়েজীদ বোস্তামী থানার গুলবাগ আবাসিক এলাকায় অবস্থিত “আমানত প্যাকেজিং অ্যান্ড মার্কেটিং” নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে বিএসটিআইয়ের সিএম সনদ ছাড়া ফর্টিফায়েড সয়াবিন তেল বোতলজাত ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।
এছাড়া পণ্যের মোড়কে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারের অভিযোগও ওঠে। প্রতিষ্ঠানটির মালিক পলাতক থাকায় তার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় প্রতিষ্ঠানটি থেকে প্রায় ১০৪২ লিটার ভোজ্যতেল, আনুমানিক ১০ হাজার পিস মোড়ক এবং খালি বোতল জব্দ করে বায়েজীদ থানা পুলিশের জিম্মায় দেওয়া হয়।
অন্যদিকে খুলশীর দুই নম্বর গেট এলাকায় অবস্থিত মাবিয়া স্টোরে সরকারি লাইসেন্স ছাড়া প্রায় ৫০ ড্রাম ফর্টিফায়েড সয়াবিন তেল মজুত রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় খাজা স্টোরে লাইসেন্স থাকলেও অস্বাস্থ্যকর পরিবেশে তেল সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার। এসময় বিএসটিআই চট্টগ্রাম বিভাগের কর্মকর্তা প্রকৌশলী মো. আবদুর রহিম ও পরিদর্শক সাইদ আহমেদ তালুকদার প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। এছাড়া র্যাব কর্মকর্তা সাইফুর রহমানসহ সংস্থাটি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন