
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি মৌসুমে এই হাসপাতালে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৫০ জনে।
হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে এই ৪ শিশুর মৃত্যু ঘটে।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৩২ জন। এ পর্যন্ত মোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪৭৯ জনে পৌঁছেছে।
চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকাদান ও সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন