
রাজশাহী জেলার মোহনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যানচালককে ইট দিয়ে মেরে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলম আলী (৫৫) উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা। তিনি মো. আশরাফের ছেলে। শুক্রবার (১০ এপ্রিল ২৬) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বেলগাছি পূর্বপাড়া এলাকায় পাঠক ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মজিবর রহমান একটি চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন। তবে ভ্যানচালক আলম কিছুটা সামনে গিয়ে ভ্যান থামালে এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে মজিবর রহমান ইট দিয়ে আলমের মাথার পেছনে কয়েকটি আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে আলম ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকাবাসি মজিবরকে পাঠকক্লাবে আটকিয়ে রাখে। ঘটনাস্থলে পুলিশ আসামি মজিবরকে নিতে গেলে উত্তেজিত জনতা তাকে পিটিয়ে মেরে ফেলার জন্য চেষ্টা করে মোহনপুর থানা পুলিশের দক্ষতায় আসামিকে নিরাপদে রাখা হয়। জনতার রোষানলে পড়ে পুলিশের এএসআই বেলাল উদ্দিনসহ দুইজন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছে বলে জানা গেছে।
এবিষয়ে মোহনপুর থানা সেকেন্ড অফিসার এসআই মোদাস্সের হোসেন খাঁন জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন