
রাজশাহীর পবা উপজেলার দারুশা এলাকায় অবস্থিত মতিউর ফিলিং স্টেশনে পেট্রোল সরবরাহ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী অন্যান্য মোটরসাইকেল চালকদের পেট্রোল সরবরাহ করা হলেও ভুক্তভোগী মো. আতিকুর রহমান আতিক পেট্রোল পাননি বলে অভিযোগ করেছেন।
রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে কর্ণহার থানার নিকটবর্তী এই ফিলিং স্টেশনে ঘটনাটি ঘটে।
সরেজমিনে দেখা যায়, সকাল ৮টা থেকে গ্রাহকদের মাঝে টোকেন বিতরণ শুরু হয়। একপর্যায়ে আতিক ৮৮ নম্বর টোকেন পেলেও ফিলিং স্টেশনের এক কর্মচারী তার কাছ থেকে টোকেনটি কেড়ে নেন।
এ সময় উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিরা বিষয়টি নিয়ে কর্মচারীর কাছে জানতে চাইলে তিনি “সমস্যা আছে” বলে এড়িয়ে যান। তবে কী সমস্যা, তা স্পষ্ট করে বলেননি।
পরে ফিলিং স্টেশনের মালিক পক্ষের প্রতিনিধি মোজাম্মেল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও ঘটনার বিষয়ে কোনো ব্যাখ্যা না দিয়ে ভুক্তভোগী আতিককে চেনেন না বলে জানান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভুক্তভোগী আতিক এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষের প্রতিনিধি মোজাম্মেল হোসেন একই এলাকায় বসবাস করেন।
ভুক্তভোগী আতিকুর রহমান আতিক জানান, তিনি একটি অনলাইন নিউজ পোর্টালের বার্তা সম্পাদক। তিনি বলেন, সকলের মতো আমিও আগের দিন সন্ধ্যা থেকেই লাইনে দাঁড়িয়েছিলাম। কিন্তু কী কারণে আমাকে পেট্রোল দেওয়া হলো না, তা আমি জানি না।
তিনি আরও বলেন, একজন গণমাধ্যম কর্মী এবং সচেতন নাগরিক হিসেবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও সমাধান দাবি করছেন।
এ বিষয়ে কর্ণহার থানার ওসির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, তেল বিক্রয়ে অনিয়ম ও মজুদের অসংগতি পাওয়ায় গত ৯ এপ্রিল মতিউর ফিলিং স্টেশনে অভিযান চালায় র্যাব-৫ এবং ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট। এ সময় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
মন্তব্য করুন