
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মা ও তার দুই বছরের কন্যা সন্তান। চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া সন্তানকে বাঁচাতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় নিহত হন মা তারিন আক্তার। পরে গুরুতর আহত শিশুটিকেও হাসপাতালে নেওয়ার পথে মৃত ঘোষণা করা হয়।
শুক্রবার (১৫ মে) রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুহূর্তেই এই দুর্ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত তারিন আক্তার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সাপ্তাহিক ছুটির দিনে তারিন আক্তার তার স্বামী ও দুই বছর বয়সী কন্যা ইয়াসাকে নিয়ে ভাটিয়ারী এলাকায় একটি মেলায় ঘুরতে যান। আনন্দঘন সময় কাটানোর পর রাতে তারা মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন।
ফেরার পথে শিশুটিকে বাবা-মায়ের মাঝখানে বসানো হয়েছিল। কিন্তু যাত্রাপথে অসাবধানতাবশত শিশুটি চলন্ত মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যায়।
এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত শিশু ইয়াসাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, তারিন অত্যন্ত বিনয়ী ও দায়িত্বশীল একজন কর্মী ছিলেন। তার এ মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। নিজের জীবন দিয়েও আদরের মেয়েকে বাঁচাতে পারলো না।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি এমএ হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাড়িটি শনাক্ত করা যায়নি কিন্তু চেষ্টা চলছে।
মন্তব্য করুন