
সারাদেশে যখন আগামীকাল পবিত্র ঈদুল আযহা উদযাপনের প্রস্তুতি চলছে, ঠিক তখনই সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই রাজশাহীর পুঠিয়ায় আগাম ঈদের নামাজ আদায় করেছেন কয়েকজন মুসল্লি। বুধবার (২৭ মে) সকাল ৮টায় উপজেলার কৃষ্ণপুর এলাকার ‘কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে’ এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ব্যতিক্রমী এই জামাতে ইমামতি করেন স্থানীয় বাসিন্দা রহিম গাজী। জামাতে নারী-পুরুষ মিলিয়ে মোট পাঁচজন অংশ নেন। এর মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী মুসল্লি ছিলেন।
নামাজ শেষে অংশগ্রহণকারীরা জানান, তারা প্রতি বছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের জামাত আদায় করে আসছেন। আগে চাঁদ দেখা সাপেক্ষে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী ঈদ পালন করলেও এখন সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করতে পেরে তারা আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেন।
খুতবা ও দোয়া শেষে ইমাম রহিম গাজী তাদের এই সিদ্ধান্তের ব্যাখ্যা দেন। তিনি বলেন, “অনেকে মনে করেন সৌদি আরবে ঈদ হচ্ছে বলেই আমরা এখানে ঈদ করছি। আসলে বিষয়টি তা নয়। চাঁদ শুধু বাংলাদেশ বা সৌদি আরবের জন্য ওঠে না, এটি পুরো পৃথিবীর জন্যই উদিত হয়। যেদিন চাঁদ ওঠে, সেদিন থেকেই নতুন মাস শুরু হয়। পৃথিবীর বিস্ততি বেশি হওয়ায় সব জায়গা থেকে একই সময়ে চাঁদ দেখা সম্ভব হয় না। সেটি আমাদের দেখার সীমাবদ্ধতা, কিন্তু চাঁদের উপস্থিতি বাস্তব।”
মন্তব্য করুন