
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকে এক ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বুধবার সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম। তবে তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম জানান, মধ্যরাতে ছয় শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের ক্রাইমসিন ইউনিটসহ তদন্ত দল কাজ করছে। কীভাবে শিশুগুলোর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির লিকেজ বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস লিক হয়ে সাফোকেশন সৃষ্টি হয়ে থাকতে পারে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা এসি সিস্টেমে হঠাৎ ত্রুটি দেখা দেয়। পরে সেখান থেকে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এতে ওই ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয় এবং একপর্যায়ে ছয় শিশুর মৃত্যু হয়।
ঘটনার পর হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন