
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই আরোহী।
বুধবার (২৭ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বিদ্যুৎ অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী এলাকার কাঞ্চন মোল্লার ছেলে সাইফুল মোল্লা (২২) এবং বরিশাল সদর এলাকার জাহাঙ্গীর শরীফের ছেলে আলী ইমরান শরীফ (২৩)। তারা দুজনই মোটরসাইকেলের চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী একটি পালসার ১৫০ সিসির মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা চার যুবক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই মোটরসাইকেল চালক সাইফুল মোল্লা ও আলী ইমরান শরীফকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে বাসার মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত রেজাউল ইসলাম হাওলাদার প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. হাসান জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন