
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন বাস হেলপার নিহত হয়েছেন। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাসের ব্রেক বিকল হয়ে গেলে সেটি থামানোর চেষ্টা করতে গিয়ে বাসের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. দুলাল (২৫) কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা এবং আহসান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করছিল আহসান পরিবহনের বাসটি। রাতের দিকে বাসটি ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে ব্রেক বিকল হয়ে যায়।
চালক বাসটির নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও টোল প্লাজায় পৌঁছানোর আগে সেটি থামাতে ব্যর্থ হন। পরিস্থিতি বেগতিক দেখে বাসের হেলপার মো. দুলাল দ্রুত গাড়ি থেকে নেমে চাকার নিচে কিছু দিয়ে বাসটি থামানোর চেষ্টা করেন।
তবে নিয়ন্ত্রণ হারানো বাসের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ধলেশ্বরী টোল প্লাজার একটি বুথে কিছু সময়ের জন্য টোল আদায় কার্যক্রম বন্ধ রাখা হয়। এতে ওই এলাকায় সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করা হয় এবং দুর্ঘটনাকবলিত বাসটি টোল প্লাজা এলাকা থেকে সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
উদ্ধার কার্যক্রম শেষে ফায়ার সার্ভিস সদস্যরা নিহত মো. দুলালের মরদেহ হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় বাসের কোনো যাত্রী হতাহত হননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বাসটির ব্রেক বিকল হয়ে যাওয়ার কারণে চালক সেটি নিয়ন্ত্রণে রাখতে পারছিলেন না। টোল পরিশোধের আগমুহূর্তে বাসটি থামানো সম্ভব না হওয়ায় হেলপার দুলাল ঝুঁকি নিয়ে বাস থামানোর চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাসের চাকার নিচে চাপা পড়ে তিনি নিহত হন।
মন্তব্য করুন