
চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস, ড্রাম ট্রাক, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।
নিহত জারিয়া বেগম (৪৫) বাড়বকুণ্ড ইউনিয়নের মিয়ারজীপাড়া এলাকার বাসিন্দা এবং জহুরুল আলমের স্ত্রী।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাস বাড়বকুণ্ড বাজার এলাকায় পৌঁছালে মহাসড়কে উঠতে থাকা একটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশে অবস্থানরত জারিয়া বেগম বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের মাঝখানে থেমে গেলে পেছন থেকে আসা একটি ড্রাম ট্রাক সেটিকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। একপর্যায়ে ট্রাকটি সড়কের পাশের একটি বেকারির ভেতরে আংশিকভাবে ঢুকে পড়ে।
এ ঘটনায় বাস, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার যাত্রীসহ অন্তত ২৫ জন আহত হন। খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে পুলিশ এবং কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম হক জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা ও ড্রাম ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন