
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মাদক মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল।
সোমবার সকাল আনুমানিক ১০টা ৫ মিনিটে র্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ফেরিঘাট সংলগ্ন একটি পাকা সড়কে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল সকাল ১০টা ১৫ মিনিটে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।
র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তার সঙ্গে থাকা হালকা বেগুনি রঙের একটি কাপড়ের ব্যাগ তল্লাশি করে খাকি রঙের স্কচ টেপে মোড়ানো ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. লিটন মিয়া (৩৭)। তিনি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চকপাড়া গ্রামের মো. আক্কাছ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহীদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত লিটন মিয়া ঢাকা মহানগর পুলিশের উত্তরা পশ্চিম থানার ডাকাতির প্রস্তুতি মামলার এবং কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি জানান, তিনি সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত জামালগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন