
যশোরের অভয়নগরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় শাজাহান মজুমদার (৭০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৪ নম্বর পায়রা ইউনিয়নের পালবাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাজাহান মজুমদার উপজেলার বারান্দি গ্রামের মৃত মোকসেদ মজুমদারের ছেলে। তিনি পেশায় কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বের হয়ে পালবাড়ী মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় শাজাহান মজুমদারকে একটি দ্রুতগতির মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেল চালক বিবেক হালদারকে (৩৬) আটক করে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বিবেক হালদার উপজেলার দামুখালি গ্রামের ফকির চাঁদ হালদারের ছেলে।
অভয়নগর থানা পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন