
ঢাকার হাইকোর্টের প্রধান ফটকের সামনে ব্যানার টানিয়ে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। শুক্রবার (৫ জুন) সকালে এ কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে। এ সময় অংশগ্রহণকারীরা হাইকোর্টের প্রধান ফটকের সামনে একটি ব্যানার স্থাপন করে প্রতিবাদ জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি হাইকোর্টের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে একটি ব্যানার প্রদর্শন করছেন। ব্যানারটিতে লেখা ছিল, ‘প্রত্যাবর্তন ২.০’ লোডিং।
এছাড়া ব্যানারে আরও উল্লেখ করা হয়, ‘দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে সকল অবৈধ ষড়যন্ত্রমূলক রায় বাতিল এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।’
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, সুপ্রিম কোর্টের সামনে ভোর ৬টার পর একটি মিছিল বের হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তবে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আর কোনো বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মন্তব্য করুন