
বগুড়া শহরের চারমাথা এলাকায় অবস্থিত সেঞ্চুরি মোটেল থেকে বিপুল চন্দ্র পাল (৪৮) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) দুপুরে মোটেলটির ৬১০ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা মাহফুজ আলম।
নিহত বিপুল চন্দ্র পাল বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের পালপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত জিতেন্দ্র নাথ পালের ছেলে। তিনি দুইবারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিপুল চন্দ্র পাল সেঞ্চুরি মোটেলে একটি কক্ষ ভাড়া নেন। শনিবার দুপুরে নির্ধারিত চেক-আউট সময় পার হলেও তিনি কক্ষ থেকে বের না হওয়ায় হোটেল কর্তৃপক্ষ তার খোঁজ নিতে যায়। এ সময় কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখে তাদের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
হোটেলের দায়িত্বরত কর্মচারী মো. এনামুল হক জানান, রাত্রিযাপনের উদ্দেশ্যে তিনি কক্ষটি ভাড়া নিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে পুলিশকে অবহিত করা হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
সদর থানার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই সাবেক ইউপি সদস্যকে কক্ষের ভেতরে অচেতন অবস্থায় পাওয়া যায়। এ সময় কক্ষ থেকে একটি যৌন উত্তেজক ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন