
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলাকেটে হত্যার আলোচিত মামলার রায় আজ রোববার (৭ জুন) ঘোষণা করা হতে পারে। ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ মামলার রায় দেবেন।
আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ জানিয়েছেন, শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় বেলা ১১টার দিকে ঘোষণা হতে পারে।
রায় ঘোষণাকে কেন্দ্র করে মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে আনা হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়। পরে সকাল ৮টা ৫০ মিনিটে সোহেল রানাকে কারাগার থেকে প্রিজনভ্যানে করে ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে নিয়ে আসে পুলিশ। এরপর তাকে হাজতখানায় রাখা হয়।
গত বৃহস্পতিবার আদালত মামলাটির রায়ের জন্য রোববার দিন ধার্য করেছিলেন।
মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে সকালে রাজধানীর পল্লবীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পরদিন নিহত শিশুর বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন।
মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা এবং মরদেহ গোপনের চেষ্টার অভিযোগ আনা হয়।
ঘটনার মাত্র চার দিনের মাথায় তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। পরবর্তীতে আদালত অভিযোগ গঠন করে দ্রুত সাক্ষ্যগ্রহণ শুরু করেন।
অভিযোগপত্রে অন্তর্ভুক্ত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হওয়ার পর বিচারিক কার্যক্রম শেষ করা হয় এবং রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়।
তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তার গত ১৯ মে সকালে নিখোঁজ হয়। পরে প্রতিবেশীর একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ আলোচনার জন্ম দেওয়া এ মামলার রায়ের দিকে এখন তাকিয়ে রয়েছে দেশবাসী।
মন্তব্য করুন