
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি দেখা দেয়।
শনিবার বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ৮৫৫ নম্বর প্রধান পিলারের ৫ নম্বর উপপিলার সংলগ্ন এলাকায় ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাউয়াকামারী ক্যাম্পের একটি টহল দল কাঁটাতারের গেট খুলে আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে বাংলাদেশের দিকে প্রবেশ করিয়ে দেয়।
ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত বিজিবিকে অবহিত করেন। খবর পেয়ে ৬১ বিজিবির কালীরহাট ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে একই পথ দিয়ে সীমান্তের শূন্যরেখায় ফেরত পাঠান।
স্থানীয় সূত্র জানায়, ওই ব্যক্তির কথাবার্তা ও আচরণ ছিল অসংলগ্ন। ফলে তিনি মানসিকভাবে অসুস্থ বা ভারসাম্যহীন হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজিবি সদস্যরা তাকে ফেরত পাঠানোর পর বিএসএফ আবারও ওই ব্যক্তিকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
বিএসএফের পুনরায় পুশইনের চেষ্টার অভিযোগে স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় জড়ো হন এবং বিএসএফ সদস্যদের ধাওয়া দেন। এতে সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা দ্রুত পদক্ষেপ নেন এবং স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানান। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিজিবি জানিয়েছে, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, ওই ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ দূরে অবস্থান করতে দেখা গেছে। সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন