
চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এস. এম. আবু তাহের ভুঁইয়াকে (৬৯) নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (৮ জুন) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন।
পুলিশ সূত্রে জানা যায়, এস. এম. আবু তাহের ভুঁইয়া মৃত হাবিব উল্লাহ ভুঁইয়ার ছেলে। তিনি ২০০৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, আবু তাহের ভুঁইয়ার বিরুদ্ধে দায়ের হওয়া একটি সিআর মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়।
মন্তব্য করুন