
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। সোমবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া বাক এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা গেছে। তারা হলেন শাহবাজপুর গ্রামের আরশ আলী (৬৫) এবং তার মেয়ের ছেলে আলিফ মিয়া (৭)। এছাড়া আলিফের দুই ভাই তাজিম (২), আজমাইন (৯) ও মা রিকতা আক্তার (৪০) আহত হয়েছেন। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডাগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বৈশামুড়া বাক এলাকায় পৌঁছে একটি পণ্যবাহী ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সরাইল ইউনিট ও হাইওয়ে পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কেউ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কেউ জেলা সদর হাসপাতালে এবং কেউ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বৈশামুড়া এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে যায়। এতে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা যানবাহন ধীরগতিতে চলাচলের পর বেলা ২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
হাইওয়ে পুলিশের সিলেট অঞ্চলের পুলিশ সুপার (এসপি) রেজাউল করিম জানান, দুর্ঘটনার পর বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এখন পর্যন্ত চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। খাদে পড়ে থাকা বাসটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন