
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও কমে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। মূলত শক্তিশালী মার্কিন ডলার ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে এই পতন দেখা গেছে।
সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮টা ২২ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭১৮ দশমিক ৯৮ ডলারে নেমে আসে।
দিনের শুরুতেই স্বর্ণের দাম ৭ এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে যায়। একই সময়ে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস বাজারে দাম ১ শতাংশ কমে ৪ হাজার ৭৪২ ডলারে দাঁড়ায়।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে বলেন, শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় যুদ্ধবিরতির সম্ভাবনা কমে গেছে। এর ফলে ডলার ও তেলের দাম বাড়ায় স্বর্ণের ওপর চাপ সৃষ্টি হয়েছে।
তিনি আরও জানান, তেলের দাম ১০০ ডলারের ওপরে উঠলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়। আর এই সুদের হার বৃদ্ধির প্রত্যাশাই স্বর্ণের দামে নেতিবাচক প্রভাব ফেলছে।
অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ২ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৭৪ দশমিক ২৩ ডলারে নেমে এসেছে। একইভাবে প্লাটিনামের দামও ০ দশমিক ৫ শতাংশ কমে ২ হাজার ৩৪ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। তবে প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৫৩৫ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে।
এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম এখন ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য করুন