
মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান উত্তেজনা যদি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়, তবে বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ ইন্দারমিত গিল জানিয়েছেন, এমন পরিস্থিতিতে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা মানুষের সংখ্যা প্রায় ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকের ফাঁকে ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।
ইন্দারমিত গিল বলেন, বর্তমানে বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা যদি আরও বিস্তৃত হয়, তবে অল্প সময়ের মধ্যেই এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার ঝুঁকি রয়েছে।
তিনি আরও জানান, সম্ভাব্য এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যুদ্ধবিধ্বস্ত অঞ্চল এবং দুর্বল রাষ্ট্রব্যবস্থার দেশগুলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে এসব দেশে বড় ধরনের দুর্ভিক্ষ দেখা দেওয়ার ঝুঁকি রয়েছে।
বর্তমান খাদ্য সরবরাহ পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বাজারে এখন যে খাদ্যপণ্য পাওয়া যাচ্ছে, তা মূলত আগে উৎপাদিত। ফলে তাৎক্ষণিক প্রভাব তেমন দৃশ্যমান না হলেও, যুদ্ধ দীর্ঘায়িত হলে আগামী কয়েক মাস পর থেকে তীব্রভাবে অনুভূত হতে শুরু করবে।
বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়লে জ্বালানি তেলের দাম বেড়ে যাবে এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল মারাত্মকভাবে ব্যাহত হবে। এর ফলে খাদ্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে, যা শেষ পর্যন্ত একটি বড় ধরনের বৈশ্বিক মানবিক সংকটে রূপ নিতে পারে।
সূত্র: আল-জাজিরা
মন্তব্য করুন