
যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান আবারও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। মঙ্গলবার (১২ মে) এক ডলারের বিপরীতে বিনিময় হার দাঁড়িয়েছে ৯৫ দশমিক ৫৮ রুপি, যা ভারতের ইতিহাসে সর্বনিম্ন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, আমদানিকারকদের অতিরিক্ত ডলার চাহিদা এবং বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের কারণে ভারতীয় মুদ্রাবাজারে চাপ আরও বেড়েছে। পাশাপাশি ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা আরও তীব্র হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, টানা দ্বিতীয় দিনের মতো রুপির বড় ধরনের দরপতন হয়েছে। সোমবার বাজার বন্ধ হয়েছিল প্রতি ডলার ৯৫ দশমিক ৩১ রুপিতে। মাত্র এক দিনের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে মঙ্গলবার আরও নিচে নেমে যায় রুপির মান।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ভারতের আমদানি ব্যয় বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে ভারতীয় শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগকারীদের অর্থ তুলে নেওয়ার প্রবণতা রুপির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
এদিকে রুপির এই দুর্বল অবস্থার পেছনে নতুন করে যুক্ত হয়েছে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত এপ্রিলে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে বর্তমানে লাইফ সাপোর্টে আছে বলে মন্তব্য করেছেন।
এই খবর ছড়িয়ে পড়ার পর পারস্য উপসাগরীয় অঞ্চলে দীর্ঘমেয়াদি অস্থিরতা এবং তেলের বাজারে নতুন অস্থিরতার আশঙ্কায় বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে শান্তি না ফিরলে এবং তেলের দাম নিয়ন্ত্রণে না এলে ভারতীয় রুপির এই পতন ঠেকানো কঠিন হতে পারে। এর ফলে ভারতের বৈদেশিক লেনদেনের ভারসাম্যে বড় ধরনের চাপ তৈরির আশঙ্কা করা হচ্ছে।
মন্তব্য করুন