
বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ঋণাত্মক অবস্থায় রয়েছে এবং এই সংকট থেকে ঘুরে দাঁড়াতে অন্তত দুই বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (১৬ মে) দুপুর ১২টায় চট্টগ্রামের আগ্রাবাদে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ছিল মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ–এর ১৮ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত।
বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় জ্বালানি খাতে প্রায় ৫০ হাজার কোটি টাকা বকেয়া রেখে যাওয়া হয়েছে, যা বর্তমান সরকারকে পরিশোধ করতে গিয়ে বড় চাপের মুখে ফেলেছে।
তিনি আরো বলেন, অর্থনীতি ঋণাত্মক অবস্থায় আছে। দুই বছর সময় লাগবে ঘুরে দাঁড়াতে। ৪০ হাজার কোটি টাকা বাজেট থেকে তেল গ্যাসে চলে গেছে। তবে এর মধ্যেও এবার বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে। যাতে হতদরিদ্র মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পায়।
পরে মন্ত্রী ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন। এ সময় হাসপাতাল ও কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন