
দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্য সংশোধন এসেছে। টানা তিন দফায় সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২,১৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
বুধবার (২০ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন নির্ধারিত দাম একই দিন সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর করা হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনা (পাকা সোনা)-এর দাম কমে যাওয়ার কারণে স্থানীয় বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৩ হাজার ৩৯টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা।
মন্তব্য করুন