
আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং যুদ্ধ বন্ধে আলোচনায় অচলাবস্থার কারণে জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে ইরানের ইউরেনিয়াম মজুত এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বাড়িয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৩ শতাংশ বা ২ দশমিক ৩৮ ডলার বেড়ে ১০৪ দশমিক ৯৬ ডলারে পৌঁছেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও বেড়েছে। ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ৮ শতাংশ বা ১ দশমিক ৭৩ ডলার বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুই ধরনের তেলের দামই প্রায় ২ শতাংশ কমে গিয়েছিল। তখন তা প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। তবে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ায় বাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
মন্তব্য করুন