
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, বাংলাদেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৫৩৯ দশমিক ০৮ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলারের সমান।
শুক্রবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২১ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪,৫৩৯.০৮ মিলিয়ন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) অনুসৃত বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছে ২৯,৮৭৯.৫০ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগের দিন অর্থাৎ ২০ মে পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৪,৩৭৬.৫৩ মিলিয়ন ডলার। ওই সময় বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৯,৭১৯.৪৪ মিলিয়ন ডলার।
স্বল্প সময়ের ব্যবধানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আমদানি ব্যয়, বৈদেশিক ঋণ ও অন্যান্য স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে প্রকৃত রিজার্ভ হিসাব করা হয় আইএমএফ-এর বিপিএম-৬ মানদণ্ডে।
অর্থনীতিবিদদের মতে, নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয় মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে। এটি একটি দেশের প্রকৃত বৈদেশিক মুদ্রা সক্ষমতার বাস্তব চিত্র তুলে ধরে।
মন্তব্য করুন