
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ রোববার (৭ জুন) শুরু হচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন, যা দেশের অর্থনীতি ও উন্নয়ন পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
জাতীয় সংসদ সূত্রে জানা গেছে, বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।
আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলে বাজেট অধিবেশনকে ঘিরে রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়। ওই অধিবেশনে মোট ২৫ কার্যদিবসে ৯৪টি বিল পাস করা হয়, যা সাম্প্রতিক সময়ের অন্যতম উল্লেখযোগ্য আইন প্রণয়ন কার্যক্রম হিসেবে বিবেচিত হচ্ছে।
সুত্র : বাসস
মন্তব্য করুন