
দেশে হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে ৮১ দিনে শিশু মৃত্যুর সংখ্যা ৬০০ ছাড়ালো। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত সময়ে শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫১১ শিশু। আর হামে ৯০ শিশুর মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৬০১। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ২১০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৭৪ হাজার ৫৭২। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় হামের রোগী শনাক্ত হয়েছে ৫৫ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৯ হাজার ১৯১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ হাজার ১৫৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৫ হাজার ৯৪২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া শিশুদের মধ্যে ছয় শিশু ঢাকা বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের। এর আগে, গত ২৫ মের তথ্য অনুযায়ী, হামে একদিনে নিভে যায় ১৭ শিশুর প্রাণ। স্বাস্থ্য বিভাগ সেদিন বলেছিলো, হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১৭ শিশুর মৃত্যু হয়। এর মধ্যে ১৬ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, আর একটি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে ৭১ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৫৪৫ জনে দাঁড়ায়। এইভাবে হামে শিশু মৃত্যুর তালিকা প্রতিদিন বেড়ে চলেছে। স্বজনের কান্নায় প্রতিদিন ভারি হচ্ছে পরিবেশ। এ অবস্থার অবসান জরুরি।
মন্তব্য করুন