
বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এই প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মাউশি সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে পাঁচ দফা নির্দেশনা দিয়েছে।
মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-১) এস. এম. জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুদ্রণকারী প্রতিষ্ঠানসমূহ ইতিমধ্যেই ২০২৬ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক (বাংলা ও ইংরেজি), দাখিল, এসএসসি, দাখিল ভোকেশনাল এবং কারিগরি (ট্রেড) স্তরের বিনামূল্যে পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহ শুরু করেছে।
শিক্ষার্থীদের নিকট যথাসময়ে মানসম্মত পাঠ্যপুস্তক পৌঁছে দিতে এবং বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে নির্দেশনাগুলো অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে।
মাউশির ৫ নির্দেশনা হলো ১. জেলা, উপজেলা বা থানায় এনসিটিবির নির্ধারিত টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী মুদ্রণ প্রতিষ্ঠান হতে পাঠ্যপুস্তকসমূহ বুঝে নিতে হবে।
২. সরবরাহকৃত পাঠ্যপুস্তক গ্রহণের পর https://nctb.ihealthscreen.org ঠিকানায় "পাঠ্যপুস্তক গ্রহণ বা বিতরণ সিস্টেম’-এ প্রবেশ করে মেনুবারের ‘Chalan Management’-এর প্রযোজ্য স্থানে ক্লিক করে জেলা, উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তার বিদ্যমান ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে পাঠ্যপুস্তকের চালানের অনুমোদন দিতে হবে।
৩. পাঠ্যপুস্তক গ্রহণের পর দ্রুততম সময়ে অনলাইনে চালানের অনুমোদন দিতে হবে। ৪. সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও পাঠ্যপুস্তক সরবরাহ ও গ্রহণ কার্যক্রম অব্যাহত থাকবে।
৫. প্রত্যেক জেলা, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার নিজ নিজ ইউজার অ্যাকাউন্টে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের নাম, মোবাইল নম্বর ও স্বাক্ষর হালনাগাদ করে আপলোড করবেন।
মন্তব্য করুন