
বিনোদন অঙ্গনে বেশ কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গসিপ মহলে জোর গুঞ্জন, আবারও মা হতে যাচ্ছেন তিনি। এমনকি শোনা যাচ্ছে, নায়ক শাকিব খানের ঘরে আসতে চলেছে তাঁদের দ্বিতীয় সন্তান। তবে প্রথম সন্তানের সময়ের মতো এবারও বিষয়টি সরাসরি স্বীকার বা অস্বীকার না করে কৌশলে এড়িয়ে যাচ্ছেন বুবলী।
সাম্প্রতিক একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন শবনম বুবলী। সাদা পরীর মতো সাজে তাঁর উপস্থিতি নজর কাড়ে সবার। ক্যামেরায় ধরা পড়া তাঁর শারীরিক গড়ন ও চলাফেরা দেখে অনেকের ধারণা, অভিনেত্রী অন্তঃসত্ত্বা। এতে নতুন করে জোরালো হয়েছে মা হওয়ার গুঞ্জন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বুবলী। নতুন সিনেমা প্রসঙ্গে কথা বলার পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও নানা প্রশ্নের মুখে পড়েন তিনি। দ্বিতীয় সন্তান প্রসঙ্গে প্রশ্ন করা হলে সরাসরি কোনো উত্তর না দিয়ে কৌশলী মন্তব্য করেন অভিনেত্রী।
বুবলী বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে সবারই আগ্রহ থাকে, এটা আমি সম্মান করি। কারণ সাংবাদিক ভাইয়েরাই দর্শকদের প্রতিক্রিয়া আমাদের কাছে পৌঁছে দেন। তবে আমার মনে হয়, যখন ঘটা করে ব্যক্তিগত কোনো আয়োজন হবে, তখনই এসব বিষয়ে কথা বলা উচিত। আজ আমি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে এসেছি, তাই আজ এই আলোচনা থাক।
এ সময় গণমাধ্যমে ভুল তথ্য প্রচারের বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। বুবলী বলেন, আমি একাধিক সংবাদ দেখেছি, যেখানে আমার বক্তব্য না নিয়েই বলা হচ্ছে—‘বুবলী বলেছেন’। এটা একদম ঠিক নয়। শুটিংয়ের সময় ফোন ধরা সম্ভব না হলেও অন্তত একটি মেসেজ আশা করি। যদি মেসেজের উত্তর না আসে, তাহলে বুঝতে হবে বিষয়টি নিয়ে আমরা আপাতত কথা বলতে চাইছি না। কথা না বলেই বক্তব্য বানিয়ে দেওয়া দুঃখজনক।
উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ শাকিব খান ও শবনম বুবলীর ঘরে জন্ম নেয় তাঁদের একমাত্র সন্তান শেহজাদ খান বীর। দ্বিতীয় সন্তান নিয়ে গুঞ্জন সত্যি কিনা, তা জানতে এখন অপেক্ষায় ভক্ত ও দর্শকরা।
মন্তব্য করুন