
সম্প্রতি বিদেশ থেকে ফেরার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে ঘিরে একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অভিযোগ উঠেছে, কাস্টমস কর্তৃপক্ষ তার কাছে ১৪ বোতল অ্যালকোহল পাওয়ার পরও কোনো আইনগত ব্যবস্থা না নিয়ে রহস্যজনকভাবে অব্যাহতি দিয়েছে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বামী ও পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই বিভিন্ন মহলে সমালোচনা ও প্রশ্ন উঠতে থাকে—কেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়নি এবং কীভাবে বিষয়টি সমাধান করা হলো?
বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। সমালোচনার মুখে পড়ে অভিনেত্রী নিজের অবস্থান পরিষ্কার করতে রোববার (২২ ফেব্রুয়ারি) ফেসবুকে একটি পোস্ট দেন।
তিনি লেখেন, তাকে বারবার টার্গেট করে মানহানি করার চেষ্টা করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী— কিছুদিন ধরে আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। কিছুদিন আগে একটি মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছিলাম। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন এবং সত্য প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, নতুন করে কাজে মনোযোগ দেওয়ার সময় আবারও তার বিরুদ্ধে মানহানির চেষ্টা চলছে।
বর্তমানে এআই প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মেহজাবীন। তিনি লেখেন, ‘সাম্প্রতিক সময়ে এআই (Artificial intelligence, Ai) দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণেও আমার মতো অনেক শিল্পীদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়।’
নারীদের ওপর সাইবার হামলার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে অভিনেত্রী বলেন, ‘নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে, এর পেছনে কে বা কারা আছে তা আমার জানা নেই।’
সবশেষে মেহজাবীন বলেন, ‘আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই। আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি, আপনারা সবাই পাশে থাকবেন।’
মন্তব্য করুন