
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সম্প্রতি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক বার্তা দিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে পাওয়া ভক্তদের ভালোবাসা স্মরণ করে তিনি তাদের শালীনতা ও আভিজাত্য বজায় রাখার আহ্বান জানান।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় অপু বিশ্বাস জানান, তার ভক্তরা সবসময় ছায়ার মতো পাশে থেকেছেন। তিনি লেখেন, ভক্তরা তাকে শুধু একজন শিল্পী হিসেবে নয়, বরং পরিবারের একজন সদস্য হিসেবেও ভালোবেসেছেন।
তার ভাষায়, আপনারা আমাকে আমার কাজের মাধ্যমেই চিনেছেন এবং সেই কাজের মাধ্যমেই আমি আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছি। এই বক্তব্যে স্পষ্ট হয়, নিজের সাফল্যের পেছনে ভক্তদের অবদান তিনি গভীরভাবে উপলব্ধি করেন।
তিনি মনে করেন, অপুর ভক্ত হওয়া মানেই শিষ্টাচারের এক অনন্য মেলবন্ধন। তাই অন্যের নিচু মানের মন্তব্যের উত্তর দিয়ে নিজেদের ব্যক্তিত্ব ও মর্যাদা ক্ষুণ্ণ করার কোনো প্রয়োজন নেই।
অপু বিশ্বাস উল্লেখ করেন, আমি গর্বিত এই ভেবে যে, আমার ভক্তরা শুধু সংখ্যায় নয়, বরং তারা তাদের শিক্ষা, রুচি এবং মার্জিত আচরণের জন্য অনন্য। আপনারা যে কতটা ধৈর্যশীল এবং সুশিক্ষিত পরিবারের প্রতিনিধি, তা বারবার প্রমাণ করেছেন। আমি মনে করি, অপুর ভক্ত হওয়া মানেই আভিজাত্য আর শিষ্টাচারের এক অনন্য মেলবন্ধন। তাই আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ—আপনারা কারো সাথে কোনো ধরনের অহেতুক তর্কে বা কাদা ছোঁড়াছুড়িতে জড়াবেন না।
পরিবারকে নিজের অহংকার হিসেবে উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, আমার পরিবার আমার অহংকার। যখন প্রয়োজন হয়েছে, আমি নিজেই আমার পরিবারকে আপনাদের সামনে এনেছি। এখন আর নতুন করে কোনো পোস্ট বা কথার মাধ্যমে আমার পরিবারকে নিয়ে কারো কাছে কিছু প্রমাণ করার নেই। আমাদের পরিচয় আমাদের কাজ, আমাদের বংশমর্যাদা এবং আমাদের শিক্ষা।
কাজ, বংশমর্যাদা এবং শিক্ষাই তাদের আসল পরিচয়। নতুন করে কোনো পোস্ট বা কথার মাধ্যমে কারও কাছে কিছু প্রমাণ করার প্রয়োজন তিনি বোধ করেন না। ভক্তরা যেভাবে তাকে ছায়ার মতো আগলে রেখেছেন, ঠিক সেভাবেই তার সন্তান আব্রাহাম খান জয়কেও যেন স্নেহ ও মমতায় আগলে রাখেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন এই নায়িকা। জয়কে সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করাই ভক্তদের লক্ষ্য হওয়া উচিত বলে তিনি মনে করেন।
অপু বিশ্বাস আরও স্পষ্ট করেন, তিনি কোনো ধরনের বিতর্ক বা হট্টগোলের মধ্যে নেই, বরং ভালোবাসা আর কাজের গৌরব নিয়েই এগিয়ে যেতে চান। ভক্তদের শান্ত ও হাসিখুশি থাকার পরামর্শ দিয়ে তিনি জানান, তাদের মার্জিত রূপটিই তার পথচলার সবচেয়ে বড় শক্তি।
সামাজিক মাধ্যমে এমন দায়িত্বশীল ও ইতিবাচক বার্তা দেওয়ার পর ভক্ত ও সাধারণ নেটিজেনদের প্রশংসায় ভাসছেন অপু বিশ্বাস। অনেকেই তার এই পরিণত ও সচেতন অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন।
মন্তব্য করুন