
দক্ষিণ ভারতীয় বড় বাজেটের অ্যাকশন ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এর গান ‘সরকে চুনর তেরি সরকে’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। গানটিতে পারফর্ম করেছেন সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি। মুক্তির পরই অনেক দর্শক গানটির ভাষা ও উপস্থাপনাকে ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ বলে সমালোচনা করেন। নাচের উপস্থাপনাও ‘অশালীন’ আখ্যা দিয়ে অনেকে গানটি নিষিদ্ধের দাবি তোলেন। এরই পরিপ্রেক্ষিতে গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়।
গানটির কথাবার্তা ও দৃশ্যায়ন নিয়ে অভিযোগ ওঠার পর ভারতের জাতীয় নারী কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নিয়ে মামলা করে। গত সোমবার অনুষ্ঠিত এক শুনানিতে কমিশন জানায়, সৃজনশীলতার অজুহাতে নারীর মর্যাদা ক্ষুণ্ণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শুনানিতে ছবির পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকলেও নোরা ফাতেহি উপস্থিত ছিলেন না। তাঁর পক্ষে আইনজীবী উপস্থিত থাকলেও কমিশন তা গ্রহণ করেনি। ফলে অভিনেত্রীকে সশরীরে হাজির হতে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সঞ্জয় দত্তকেও ৮ এপ্রিল কমিশনের সামনে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শুনানির সময় কমিশনের চেয়ারপারসন অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘সৃজনশীলতার নামে নারীর মর্যাদার সঙ্গে আপস করা যায় না।’ যদিও নির্মাতারা দাবি করেছিলেন, তারা গানের কথার গভীর অর্থ অনুধাবন করতে পারেননি, তবে কমিশন সেই যুক্তি নাকচ করে দেয়।
শেষ পর্যন্ত নির্মাতারা লিখিতভাবে ক্ষমা চেয়ে স্বীকার করেছেন যে গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে। পাশাপাশি আগামী তিন মাস নারীর ক্ষমতায়ন নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে তার প্রতিবেদন কমিশনে জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
মন্তব্য করুন