
ভারতের গুজরাটের গির ন্যাশনাল পার্কে নতুন সিনেমার প্রচারণায় গিয়ে বিতর্কের মুখে পড়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। তার আসন্ন ছবি ‘পতি পত্নী অউর ওহ ২’–এর প্রচারণা চলাকালীন ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনার ঝড়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাকুল একটি জঙ্গলের ভেতরে হাঁটছেন এবং পাশে একটি সাফারি গাড়ি দাঁড়িয়ে আছে। এই দৃশ্য প্রকাশ্যে আসার পর নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলেন—সাধারণ পর্যটকদের যেখানে সাফারি গাড়ি থেকে নামার অনুমতি নেই, সেখানে একজন তারকা কীভাবে জঙ্গলে হাঁটার সুযোগ পেলেন?
অনেকে বিষয়টিকে ‘সেলিব্রিটি প্রিভিলেজ’ হিসেবে আখ্যা দিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু করেন।
বিতর্কের পর বিষয়টি পরিষ্কার করতে এগিয়ে আসে ভারতের বন বিভাগ। তাদের দাবি, ভিডিওটি সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে ধারণ করা হয়নি।
বন বিভাগের এক কর্মকর্তা জানান, ভিডিওটি সাসান অভয়ারণ্যের প্রবেশপথের বাইরের এলাকায় শুট করা হয়েছে। সংরক্ষিত এলাকায় প্রবেশের পর গাড়ি থেকে নামা সম্পূর্ণ নিষিদ্ধ। ভাইরাল ভিডিওটি সেই সীমার বাইরের অংশে ধারণ করা।
বিভাগটি আরও জানায়, কোনো নিয়ম ভঙ্গের ঘটনা ঘটেনি। বরং শুটিং চলাকালীন রাকুল শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তার সফর শেষ করা সম্ভব হয়নি এবং তিনি প্রবেশের আগেই ফিরে যান।
বন বিভাগের ব্যাখ্যার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক পুরোপুরি থামেনি। পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে সচেতনতার কারণে সেলিব্রিটিদের কর্মকাণ্ড সবসময়ই বাড়তি নজরে থাকে। ফলে এই ঘটনাও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বিতর্কের মধ্যেই পেশাগত দিক থেকে ব্যস্ত সময় পার করছেন রাকুল প্রীত সিং। আগামী ১৫ মে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘পতি পত্নী অউর ওহ ২’।
এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, সারা আলী খান এবং ওয়ামিকা গাব্বি। পরিচালনা করেছেন মুদাসসর আজিজ।
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ছবি ‘পতি পত্নী অউর ওহ’–এর সিক্যুয়াল হিসেবে নির্মিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহও বেশ তুঙ্গে। আর মুক্তির আগেই গির অরণ্যের ভাইরাল ভিডিও নতুন করে আলোচনায় এনে দিল রাকুল প্রীত সিংকে।
মন্তব্য করুন