
ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন মালায়লাম অভিনেত্রী মীরা বাসুদেবন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের দীর্ঘ ১৭ বছর তিনটি ব্যর্থ দাম্পত্য সম্পর্কে কাটিয়ে দেওয়াই এখন তার সবচেয়ে বড় আফসোস।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো ভুল সম্পর্কের পেছনে ব্যয় করায় তিনি এখন অনুশোচনায় ভুগছেন। মীরা জানান, সেই সময় তিনি নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত উন্নয়ন কিংবা ভালোবাসার মানুষদের জন্য ব্যয় করতে পারলে হয়তো আরও অনেক কিছু অর্জন করতে পারতেন।
অতীতের সম্পর্কগুলো নিয়ে হতাশার কথাও তুলে ধরেন তিনি। মীরার কথায়, ‘আমি এমন মানুষের পেছনে সময় দিয়েছি, যারা আমাকে কখনো গুরুত্ব দেয়নি বা সম্মান করেনি। পরিবার, বাবা-মা ও বোনের সঙ্গে আরো বেশি সময় কাটাতে পারতাম, কিন্তু তা হয়নি।’
চলতি বছরের শুরুতেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে মীরা বলেন, অতীত লুকিয়ে রাখার কিছু নেই। বরং ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে জীবন গুছিয়ে নিতে চান তিনি। বর্তমানে অভিনয় ও কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন বলেও জানান এই অভিনেত্রী।
ব্যক্তিগত জীবনে প্রথমবার ২০০৫ সালে ব্যবসায়ী বিশাল আগারওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মীরা। তবে পাঁচ বছরের মাথায় ২০১০ সালে সেই সম্পর্ক বিচ্ছেদে গড়ায়।
এরপর ২০১২ সালে মালয়ালম অভিনেতা জন কোকেনকে বিয়ে করেন তিনি। এই সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে। কিন্তু সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়।
সবশেষে ২০২৪ সালে চিত্রগ্রাহক বিপিন পুথিয়াঙ্কম-এর সঙ্গে তৃতীয়বারের মতো সংসার শুরু করেন মীরা। তবে এক বছরের মধ্যেই ২০২৫ সালে সেই সম্পর্কও ভেঙে যায়।
১৯৮২ সালের ২৯ জানুয়ারি ভারতের মুম্বাই শহরে এক তামিল পরিবারে জন্মগ্রহণ করেন মীরা বাসুদেবন। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রুলস : পেয়ার কা সুপারহিট ফর্মুলা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার।
২০০৫ সালে মোহনলাল-এর বিপরীতে অভিনীত ‘তাপমাত্রা’ সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেন তিনি। এছাড়া ‘ওরুভান’, ‘একান্তম’ এবং ‘কুট্টিমামা’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।
তার ছোট বোন অশ্বিনী-ও চলচ্চিত্র জগতের পরিচিত মুখ। তিনি সালমান খান অভিনীত জনম সমঝা করো সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করে পরিচিতি পান।
মন্তব্য করুন