
দীর্ঘ বিরতির পর আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক, গীতিকার ও সুরকার অনুপম রায়। আগামী ২৬ জুন তিনি ঢাকায় একটি লাইভ মিউজিক কনসার্টে পারফর্ম করবেন বলে নিশ্চিত করেছে আয়োজকরা।
কলকাতা থেকে ‘দ্য অনুপম রায় ব্যান্ড’-এর ম্যানেজার রানা সিং রায় জানিয়েছেন, ঢাকার কনসার্ট নিয়ে সব ধরনের আলোচনা ও চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশে এসে একটি সংবাদ সম্মেলনও করার পরিকল্পনা রয়েছে অনুপম রায়ের।
দেশীয় আয়োজন প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন কনসার্ট আয়োজনের জন্য ব্যান্ডটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে। তবে এখনো কনসার্টের নির্দিষ্ট ভেন্যু চূড়ান্ত হয়নি।
আয়োজক প্রতিষ্ঠান তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টের বিষয়ে ইঙ্গিত দিয়েছে। সেখানে বলা হয়েছে, জুন মাসে ঢাকায় অনুপম রায় ও তার ব্যান্ডের অংশগ্রহণে একটি স্মরণীয় সংগীত আয়োজন হতে যাচ্ছে। খুব শিগগিরই টিকিট বিক্রি শুরু হবে বলেও জানানো হয়েছে।
এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছিলেন অনুপম রায়। এছাড়া ২০২৩ সালের জুলাইয়ে ট্রিপল টাইম কমিউনিকেশনের আয়োজিত ‘ম্যাজিক্যাল নাইট’ কনসার্টেও তিনি পারফর্ম করেছিলেন।
মন্তব্য করুন