
চীনা বিনোদন অঙ্গনের জনপ্রিয় অভিনেতা ও মডেল জিন জে হঠাৎ মৃত্যুবরণ করেছেন। মাত্র ৩৩ বছর বয়সে তার এই অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভক্ত ও সহকর্মীদের মাঝে। গত ৪ জুন চীনের হাংঝৌ শহরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অভিনেতার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তার ব্যবস্থাপনা সংস্থা। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সংস্থার এক বিবৃতিতে বলা হয়, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমাদের চুক্তিবদ্ধ শিল্পী জিন জে (আসল নাম ঝাং জিয়াওয়েই) ২০২৬ সালের ৪ জুন হাংঝৌয়ে তার নিজ বাসভবনে মারা গেছেন।
অভিনেতার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে তার এজেন্সি। একই সঙ্গে জিন জের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এজেন্সি আরও অনুরোধ জানিয়েছে, তার মৃত্যু নিয়ে কোনো ধরনের ভিত্তিহীন গুজব বা বিভ্রান্তিকর তথ্য যেন সামাজিক মাধ্যমে প্রচার না করা হয়। কারণ মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছিল।
১৯৯৩ সালের ৩০ জানুয়ারি চীনের শানতুং প্রদেশের ওয়েইহাই শহরে জন্মগ্রহণ করেন জিন জে। তিনি বেইজিং ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে শিক্ষা সম্পন্ন করেন।
শিক্ষাজীবন শেষে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি। পরে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করেন। বিশেষ করে মাইক্রো ড্রামা বা স্বল্পদৈর্ঘ্য ধারাবাহিক নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন জিন জে।
ক্যারিয়ারের সবচেয়ে সফল সময়ে তার মৃত্যু চীনা বিনোদন জগতে এক শূন্যতার সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা অভিনেতার স্মৃতিচারণ করে শোক প্রকাশ করছেন। অনেকেই তার অকালপ্রয়াণকে চীনা বিনোদন অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন।
মন্তব্য করুন