
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা, লেখক, পরিচালক ও খ্যাতনামা মিমিক্রি শিল্পী সেলিম কুমার আর নেই। শনিবার (৬ জুন) রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।
হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস, কিডনি এবং করোনারি আর্টারি ডিজিসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন। এর আগে তাঁর লিভার প্রতিস্থাপনও করা হয়েছিল।
চিকিৎসকদের দেওয়া মেডিকেল বুলেটিন অনুযায়ী, তাঁকে ভেন্টিলেটর সাপোর্ট, অ্যান্টিবায়োটিক ও ডায়ালাইসিসসহ সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে শেষ পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু ঘটে। চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
ক্যারিয়ারের শুরুতে কৌতুকাভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন সেলিম কুমার। তার অসাধারণ কমেডি টাইমিং ও স্বতন্ত্র অভিনয়শৈলী দ্রুতই দর্শকদের হৃদয় জয় করে নেয়। পরবর্তীতে তিনি মালয়ালম চলচ্চিত্রের অন্যতম বহুমুখী ও শক্তিশালী অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
তিনি ‘আচানুরাঙ্গাতহা ভিদু’ সিনেমায় অভিনয়ের জন্য কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কারে দ্বিতীয় সেরা অভিনেতার স্বীকৃতি পান। এরপর ২০১০ সালে ‘আদামিনতে মাকান আবু’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি ৩০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন।
তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘পুলিভাল কল্যাণম’, ‘মায়াবি’ এবং ‘কল্যাণরামন’।
তার মৃত্যুর খবরে কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রী ভি ডি সতীসান গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, সেলিম কুমার এমন একজন প্রতিভাবান শিল্পী ছিলেন, যিনি সহজেই দর্শকের মনে হাসি ও আবেগ জাগিয়ে তুলতে পারতেন। তাঁর মৃত্যু মালয়ালম সিনেমার জন্য এক অপূরণীয় ক্ষতি।
মন্তব্য করুন