মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

লিচুর রঙে রঙিন মাগুরা

৮৫ কোটি টাকার বিক্রির আশা
এস আর এ হান্নান
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৮:৫০ এএম
লিচুর রঙে রঙিন মাগুরা

স্বাদ, অনন্য গুণগত মান আর ঐতিহ্যের অপূর্ব এক মেলবন্ধনে দেশজুড়ে খ্যাতি পেয়েছে মাগুরার রসাল লিচু। বিশেষ করে জেলার ঐতিহ্যবাহী ‘হাজরাপুরী’ জাতের লিচু ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পাওয়ার পর থেকে এর সুনাম ও বাণিজ্যিক চাহিদা এখন আকাশচুম্বী। চলতি মৌসুমে মাগুরার গ্রামীণ অর্থনীতিতে এই রসাল লিচুকে ঘিরে বিপুল প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। অনুকূল আবহাওয়া আর সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার উপর ভর করে এবার জেলায় প্রায় ৮৫ কোটি টাকার লিচু বিক্রির আশা করছেন সংশ্লিষ্টরা।

কৃষি বিভাগ ও স্থানীয় বাগান মালিকদের সাথে কথা বলে জানা গেছে, এ বছর মৌসুমের শুরুতে তীব্র খরা থাকলেও শেষ মুহূর্তের আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর ফলন সামগ্রিকভাবে বেশ সন্তোষজনক হয়েছে। থোকায় থোকায় ঝুলছে লাল ও সিন্দুর রাঙা রসে ভরা লিচু। গত বছরের তুলনায় এবার আকার ও রঙ দুটোই চমৎকার হওয়ায় বাগান মালিকদের মুখে চওড়া হাসি ফুটেছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এই রসাল ফল এখন ট্রাক-পিকআপ বোঝাই হয়ে চলে যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। লিচুর এই বিপুল সম্ভাবনাকে উদযাপিত করতে গত শনিবার (১৬ মে) সংস্কৃতি মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে মাগুরায় দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘হাজরাপুরী লিচু মেলা’-এর শুভ উদ্বোধন করেন।

মাগুরার ঐতিহ্যবাহী হাজরাপুরী লিচু।

মাগুরা সদর উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় মোট ৫৬৭ হেক্টর জমিতে বাণিজ্যিক লিচুর আবাদ হয়েছে। এর সিংহভাগই উৎপাদিত হচ্ছে মাগুরা সদর উপজেলায়, যেখানে আবাদের পরিমাণ ৫৩১ হেক্টর। এছাড়া মহম্মদপুরে ৬০ হেক্টর, শালিখায় ৪৩ হেক্টর এবং শ্রীপুর উপজেলায় ২৭ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। এরমধ্যে শুধু মাগুরা সদর উপজেলাতেই ব্যাপকভাবে গড়ে উঠেছে তিন হাজার সাতশ’টি বাণিজ্যিক লিচু বাগান। মূলত মাগুরার সদর উপজেলার হাজরাপুর, হাজীপুর ও রাঘবদাইড় ইউনিয়নে এবং পৌর এলাকার শিবরামপুরে এখন লিচু উৎপাদনের প্রধান হাবে (কেন্দ্রবিন্দুতে) পরিণত হয়েছে।

মাগুরার ঐতিহ্যবাহী হাজরাপুরী লিচু।

মাগুরার প্রায় পাচ হাজার ব্যক্তি, কৃষক ও বাগান মালিক সরাসরি লিচু উৎপাদনের সাথে সম্পৃক্ত। তবে জিহ্বায় জল আনা এই ফলটি শুধু চাষিদের ভাগ্যই বদলাচ্ছে না, বরং গ্রামীণ জনপদের শত-সহস্র নিম্নবিত্ত মানুষের সাময়িক কর্মসংস্থানের এক বিশাল উৎস হয়ে উঠেছে। মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত বাগান পরিচর্যা, পাহারা দেয়া, গাছ থেকে লিচু পাড়া (সংগ্রহ), বাছাই করা, ঝুড়ি ও কার্টন প্রস্তুত করা এবং পরিবহনের কাজে যুক্ত হয়েছেন বিপুল সংখ্যক নারী ও পুরুষ শ্রমিক। স্থানীয় রহিমা, আফরোজা, ফরিদা কিংবা আবজাল, আকুব্বর ও মোসলেমদের মতো অসংখ্য দিনমজুর এখন লিচু বাছাই এবং প্যাকিংয়ের কাজ করে সংসারে বাড়তি আয় যুক্ত করছেন।

বাজারে এখন মানভেদে প্রতি হাজার স্থানীয় জাতের লিচু এক হাজার ৭০০ টাকা থেকে দুই হাজার ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে বোম্বাই ও চায়না-৩ জাতের মতো উন্নত জাতগুলোর দাম ও চাহিদা আরও বেশি, কারণ এগুলোর সংরক্ষণ ক্ষমতা ও আকার তুলনামূলক ভালো। মানভেদে বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু প্রতি হাজার বিক্রি হচ্ছে দুই হাজার ৬০০ টাকা থেকে দুই হাজার ৮০০ টাকা দরে।

মাগুরার ঐতিহ্যবাহী হাজরাপুরী লিচু।

সরেজমিনে দেখা গেছে, মাগুরা সদরসহ জেলার চার উপজেলার বিভিন্ন হাট-বাজারে যেন টসটসে লিচুর মেলা বসেছে। মৌসুমী ও সাধারণ ব্যবসায়ীরা লিচু বিক্রি করছেন। দেশের বড় লিচুর মোকামে পরিণত হয়েছে মাগুরা। মাগুরা-ঝিনাইদহ সড়কেও লিচু বিক্রির ধূম লেগে গেছে। কিশোর, নারী-পুরুষসহ নানান বয়সী লোকজন সড়কের পাশে লিচুর পসরা নিয়ে বসেছেন। চলতে পথে মোটরসাইকেল, প্রাইভেট, বাস-মাইক্রোবাস ও ট্রাক-পিকআপসহ বিভিন্ন ধরনের যানবাহন দাড় করিয়ে মানুষ লিচু কিনে নিচ্ছেন। মাগুরার শালিখা উপজেলার সিমাখালীতে বালু নামিয়ে বাড়ি ফিরছিলেন কুষ্টিয়ার ট্রাক ড্রাইভার মোকলেস তরফদার। তিনি হাজরাপুরে ট্রাক দাড় করিয়ে পরিবারের সদস্যদের জন্য লিচু কিনেছেন ২০০টি। তিনি বলেন, ‘বাড়ি থেকে বলে দিয়েছে ফেরার পথে মাগুরার বিখ্যাত লিচু নিয়ে আসবা।’

হাজরাপুর গ্রামের ৬৭ বছর বয়সী লিচু চাষি মোজাফফর হোসেন জানান, ‘আমার বাগানে স্থানীয় হাজরাপুরী ও বোম্বাই জাতের ৪০টি গাছ রয়েছে। লিচু চাষ অত্যন্ত লাভজনক।’ অন্যদিকে, দীর্ঘ ৩৫-৪০ বছর ধরে লিচু আবাদ করা চাষি মো. উজির আলী বলেন, ‘আমি বোম্বাই জাতের লিচু সরাসরি ঢাকায় চালান দেই।’

বাগান ব্যবসায়ী ও ব্যাপারীরাও এবার চাঙ্গা। শাকেন শেখ (৫৫) নামের এক ব্যাপারী জানান, তিনি কুড়ি বছর ধরে এই ব্যবসা করছেন। এবার সোয়া লাখ টাকায় ৪৬টি গাছের একটি বাগান কিনেছেন এবং ১৪ জন শ্রমিক নিয়োগ দিয়েছেন। আগামী ৩-৪ দিনের মধ্যে সব লিচু বিক্রি করে প্রায় ৬০ থেকে ৬৫ হাজার টাকা নিট মুনাফার আশা করছেন তিনি। আরেক বাগান মালিক তাহের হোসেন তাঁর ৪৫টি গাছ থোক দামে দেড় লাখ টাকায় বিক্রি করে দারুণ খুশি।

মাগুরার ঐতিহ্যবাহী হাজরাপুরী লিচু।

২০২৫ সালের ৩০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে মাগুরার হাজরাপুরী লিচুকে জিআই পণ্য হিসেবে নিবন্ধন সনদ দেয়া হয়। এর পর থেকে এই লিচুর বাণিজ্যিক গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, যদি সরকারি উদ্যোগে কোল্ড স্টোরেজ বা উন্নত সংরক্ষণ ব্যবস্থা এবং নির্বিঘ্ন পরিবহন সুবিধা নিশ্চিত করা যায়, তবে মাগুরার এই রসাল লিচু শিল্প ভবিষ্যতে দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও বৈদেশিক মুদ্রা অর্জনের এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা সামগ্রিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এ বছর লিচুর আশানুরুপ ফলন ও চমৎকার কালার হয়েছে। দেখলেই মন ভরে যায়। জিআই স্বীকৃতি মেলার পর ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের পাইকাররা আগাম এসে বাগান বুকিং করছেন। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা ও ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে চাষিরা বেশ লাভবান হবেন। চলতি মৌসুমে প্রায় ৮৫ কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা রয়েছে।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X