
যশোরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও দীর্ঘদিনের সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা নিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার (২৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় তিনি এ বিষয়ে দিকনির্দেশনা দেন।
সভা শুরুর আগে যশোর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে আলোচনায় তিনি যশোরের চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করতে তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কথা জানান।
তিনি যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) পূর্ণাঙ্গভাবে চালুর ওপর জোর দেন। একই সঙ্গে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত সম্পূর্ণ কার্যক্রমে আনা এবং জরুরি ভিত্তিতে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে আশ্বাস দেন যে, এসব উদ্যোগ বাস্তবায়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশাসনিক ও আর্থিক সহায়তা দেওয়া হবে।
তিনি বলেন, 'যশোরের জনগণের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। বিদ্যমান সমস্যাগুলো দ্রুত শনাক্ত করে সমাধানের ব্যবস্থা নেওয়া হবে। মানুষ যেন নিজ জেলাতেই মানসম্মত চিকিৎসা পায়, সে বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।'
সভায় উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. এ এইচ এম আহসান হাবিব, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার নেতা ডা. আবু আহসান লালটু, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুল সাদেক রাসেল এবং যশোর পৌরসভার প্রশাসক রফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতিমন্ত্রীর সরাসরি উদ্যোগে যশোরের দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা স্বাস্থ্য প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের গতি পাবে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত মানের চিকিৎসাসেবা লাভ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন