
আজ (১২ মে) বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিং পেশার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর এ দিনটি উদযাপন করা হয়।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ: জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”।
বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে দিবসটি পালন করে আসছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (ন্যাব)। শুরুতে রাজধানী ঢাকায় সীমিত পরিসরে আয়োজন হলেও বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটে ব্যাপকভাবে দিবসটি উদযাপন করা হচ্ছে।
আন্তর্জাতিকভাবে ১৯৬৫ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশেও দীর্ঘদিন ধরে দিবসটি গুরুত্বের সঙ্গে পালন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় এবারও নার্সিং ও মিডওয়াইফারি মহাপরিচালকের দপ্তর কেন্দ্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। স্বাস্থ্যসেবায় নার্সদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরতেই এসব আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন