
আপনি কি আপনার কম্পিউটার বা ল্যাপটপে গুগল ক্রোম (Google Chrome) ব্যবহার করেন? ভারতের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা CERT-In সম্প্রতি ক্রোম ব্যবহারকারীদের জন্য একটি উচ্চ সতর্কতা বা ‘হাই-সিকিউরিটি অ্যালার্ট’ জারি করেছে। সংস্থার মতে, ব্রাউজারের একটি গুরুতর দুর্বলতাকে কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকে আপনার সিস্টেমে প্রবেশ করতে পারে এবং ব্যক্তিগত তথ্য চুরি করতে সক্ষম।
কেন এই সতর্কতা? ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে CERT-In জানিয়েছে যে গুগল ক্রোমের পুরনো সংস্করণে একটি মেমরি বাগ (‘Use-After-Free’) ধরা পড়েছে। এটি মূলত ক্রোমের CSS উপাদানে উপস্থিত। সমস্যাটি এমন যে, ব্রাউজার মেমরি পরিষ্কার করার পরও সেগুলি ব্যবহার করে থাকে। হ্যাকাররা এই দুর্বলতাকে কাজে লাগিয়ে ব্যবহারকারীকে ক্ষতিকারক লিঙ্কে ক্লিক করতে বা ভুয়া ওয়েবসাইটে প্রলুব্ধ করতে পারে।
কোন সংস্করণগুলো ঝুঁকির মুখে? CERT-In-এর পরামর্শ অনুযায়ী, নিচের সংস্করণগুলো ব্যবহারকারীরা ঝুঁকির মধ্যে রয়েছেন:
লিনাক্স (Linux): ১৪৪.০.৭৫৫৯.৭৫-এর চেয়ে পুরনো সংস্করণ।
উইন্ডোজ এবং ম্যাক (Windows/Mac): ১৪৫.০.৭৬৩২.৭৫/৭৬-এর চেয়ে পুরনো সংস্করণ।
Cyber-Alert.png.5.1x.generic
সফল হ্যাকিংয়ের ফলাফল কী হতে পারে?
যদি কোনো আক্রমণকারী এই দুর্বলতাকে কাজে লাগিয়ে সফলভাবে কোড চালাতে পারে, তবে তিনি ব্যবহারকারীর কম্পিউটারে ম্যালওয়্যার ইনস্টল করতে পারেন। এর মাধ্যমে সংবেদনশীল ডেটা চুরি, ব্যবহারকারীর ওপর গুপ্তচরবৃত্তি এবং এমনকি পুরো সিস্টেমের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়াও হ্যাকারদের জন্য সহজ হয়ে যাবে। এর জন্য আক্রমণকারীর ডিভাইসে শারীরিক অ্যাক্সেসের প্রয়োজন নেই; স্রেফ একটি লিঙ্কে ক্লিক করাই বিপদের জন্য যথেষ্ট।
সুরক্ষায় করণীয়: কীভাবে আপডেট করবেন?
এই ঝুঁকি থেকে বাঁচতে দ্রুত ক্রোম ব্রাউজারটি আপডেট করার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ সংস্থাটি। আপডেট করার সহজ পদ্ধতি নিচে দেওয়া হলো-
১. গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডানদিকের উপরের কোণায় থাকা থ্রি-ডট মেনুতে ক্লিক করুন। ২. মেনু থেকে Settings অপশনে যান। ৩. বাঁদিকের প্যানেল থেকে একদম নিচে থাকা About Chrome নির্বাচন করুন। ৪. ক্রোম স্বয়ংক্রিয়ভাবে নতুন আপডেট পরীক্ষা করবে এবং ডাউনলোড শুরু করবে। ৫. আপডেট শেষ হলে Relaunch বাটনে ক্লিক করে ব্রাউজারটি পুনরায় চালু করুন।
মন্তব্য করুন